ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেমিকের মরদেহ দেখতে গিয়েছিলেন নার্স তন্ময়ী মণ্ডল। সেখানে প্রেমিক আকাশ মিত্রের মরদেহ দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এর কয়েক ঘণ্টা পর ঢামেক হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি টয়লেট থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তন্ময়ী আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ বিশ্লেষণের জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত রোববার (৪ অক্টোবর) বিকেলে, কেরানীগঞ্জে। পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তন্ময়ী মণ্ডলের সঙ্গে কেরানীগঞ্জের আকাশ মিত্রের সম্পর্ক ছিল। ওইদিন বিকেলে কেরানীগঞ্জের বাসা থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। আকাশের ময়নাতদন্তের সময় তন্ময়ী মর্গে উপস্থিত ছিলেন।পরিবারের সদস্যদের ভাষ্য, প্রেমিকের মরদেহ দেখার পর তন্ময়ী মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর হাসপাতালের ভেতরে কোনো এক সময় তিনি নিজেকে আহত করেন। পরে পুরোনো ভবনের নিচতলার একটি টয়লেটে যান। সেখান থেকেই পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তন্ময়ী মণ্ডল ও তার প্রেমিক আকাশ মিত্রের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, আকাশ মিত্রের মৃত্যুর পর তার ময়নাতদন্ত ঢামেক মর্গে সম্পন্ন হয়। ওই সময় তন্ময়ী সেখানে উপস্থিত ছিলেন। প্রেমিকের মরদেহ দেখার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, তন্ময়ী মণ্ডলের পরিবার এবং তার প্রেমিক আকাশ মিত্রের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এমন চিত্রই পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের পরই ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে।
.png)




পাঠকের মন্তব্য