Voice of Dinajpur

প্রিন্টের তারিখ: 17 নভে, 2026 ইং | প্রকাশের তারিখ: ০৬ অক্টোবর ২০২৬, ১৯:২১

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

শেয়ার করুনFacebookWhatsApp
সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
ফাইল ছবি

নওগাঁর সাপাহার এবং জয়পুরহাট সদর সীমান্তে সাতজনকে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত দিয়ে এ পুশইনের চেষ্টা চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, পুশইনের শিকার সাতজনই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। তাদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সোনাডাঙা সীমান্ত এলাকা দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা প্রতিহত করে। একই সময়ে জয়পুরহাটের কড়িয়া সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে তাও রুখে দেয় বিজিবি।

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্বত্ব: © Voice of Dinajpur | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পাঠকের মন্তব্য